
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
উঠান বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তিনি এলাকাবাসীর প্রতিবেশী এবং সন্তানসম। ভোটের জন্য এই এলাকার মানুষ দীর্ঘদিন মাঠে ছিল উল্লেখ করে তিনি বলেন, এই এলাকা ধানের শীষের শক্ত ঘাঁটি। আগামী এক বছরের মধ্যে এখানে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য ইতোমধ্যে ৭৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় হলে এ অঞ্চল শহরমুখী উন্নয়নের পথে এগোবে এবং ভোটারের সংখ্যাও বাড়বে।
তিনি আরও বলেন, তিনি এলাকার মানুষের পাশে থাকবেন এবং এখানেই নিয়মিত আসা-যাওয়া করবেন। এই এলাকা আলু ও সবজি চাষে সমৃদ্ধ উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্থানীয় তরুণ-তরুণীদের চাকরির চিন্তা করতে হবে না এবং চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
দিনভর বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন ধানের শীষের প্রার্থী। সকাল সাড়ে ৮টায় লোধেরগাঁও গাজী বাড়ি মক্তব মাঠে কর্মসূচি শুরু করে পর্যায়ক্রমে কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শাহাতলী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে, পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, আল-হেরা ওয়াহেদিয়া একাডেমি মাঠ এবং লোধেরগাঁও গুচ্ছগ্রামে উঠান বৈঠক করেন তিনি।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামাল মিজির সঞ্চালনায় অনুষ্ঠিত সভাগুলোতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



