হাজীগঞ্জে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

বাংলা রিডার ডেস্ক:

চাঁদপুরের হাজীগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে মুন্সি বাড়ির পাশে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক সাগর সাহা (২০), হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলাখাল এলাকার সঞ্জু সাহার ছেলে। গুরুতর আহত মো. ইজাজ (২৬) একই এলাকার ফার্নিচার ব্যবসায়ী ইমরান মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে রামগঞ্জ থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে হাজীগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাগর সাহা নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহত ইজাজকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ঈমান হোসেন বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল এবং ওভারটেক করতে গিয়ে কাভার্ড ভ্যানের এক পাশে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাগর মারা যায়।”

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি জব্দ করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

Recommended For You