নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল

বাংলা রিডার ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আগামী বুধবার ও বৃহস্পতিবার, অর্থাৎ ১১ ও ১২ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি বিষয়টি জানানো হলেও তা শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকবে। এরপরের দুই দিন সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা কয়েক দিনের ছুটির মধ্যে পড়ছে দেশ।

এই টানা ছুটির প্রভাবে খুচরা বাণিজ্য ও শপিং কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেছে।

I prefer this response

বিজ্ঞাপন

Recommended For You