চাঁদপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে পিআইবির দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বাংলা রিডার ডেস্ক

নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ জোরদারে চাঁদপুরে দু’দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন পিআইবির গবেষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ সিদ্দিক ফারুক।

কর্মশালায় প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ জেলা প্রতিনিধি অধ্যক্ষ জালাল চৌধুরী, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব স্টাফ রিপোর্টার বি এম হান্নান, সাবেক সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর প্রবাহ সম্পাদক রহিম বাদশা এবং সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদসহ অন্যান্যরা।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সীমা, নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, গণমাধ্যম নীতিমালা–২০২৫, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া খবর ও অপতথ্য মোকাবিলা, হেট স্পিচ ও গুজব প্রতিরোধ এবং ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ দেন দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার বাহারাম খান।

এর আগে উদ্বোধনী দিনে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক এবং বাহারাম খান ভোট ও ভোটার, নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন প্রক্রিয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি–২০২৫সহ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক ছিদ্দিক বলেন, জেলায় প্রায় সাড়ে চারশ’ নির্বাচন পর্যবেক্ষণ কার্ডের আবেদন জমা পড়েছে। সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিখুঁততা নিশ্চিত করতে প্রেসক্লাবের সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের নির্বাচনী আচরণবিধি মেনে সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি তাঁর অসুস্থ মায়ের জন্য সকলের দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণে অংশ নিতে হবে। পিআইবি ও চাঁদপুর প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের পাশে থাকবে এবং পর্যায়ক্রমে সকল পেশাদার সাংবাদিককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের জারিকৃত আরপিও ও আচরণবিধি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, ভবিষ্যতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলার আরও সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। সবশেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

Recommended For You