
বাংলা রিডার ডেস্ক
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, ঘটনাটিকে কেন্দ্র করে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে সকালে ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন ডিআরইউ মিলনায়তনে “আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান” শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। আয়োজকরা অনুষ্ঠানে আওয়ামী লীগবিরোধী অবস্থান থেকে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেন ও আইনজীবী জেড আই খান পান্নার। তবে, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সেখানে পৌঁছালে একদল লোক তাকে ঘিরে ফেলে এবং ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ সংশ্লিষ্টদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়, পরে বিকেলে তাদের ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।



