চানখারপুলে ছয় হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড

বাংলা রিডার ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

এ ছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছর, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আট আসামির মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন—আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল। তাদের সোমবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপরদিকে হাবিবুর রহমান, আখতারুল ইসলাম, সুদীপ চক্রবর্তী ও ইমরুল পলাতক রয়েছেন।

রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, চানখারপুলে ছয়জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে এবং ওয়্যারলেস বার্তায় অধস্তনদের মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার বিষয়টি সাবেক কমিশনার হাবিবুর রহমানের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে।

পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইশমামুল হক ও মানিক মিয়া।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রসিকিউশন জব্দ তালিকা হিসেবে ১৯টি ভিডিও, পত্রিকার ১১টি প্রতিবেদন, দুটি অডিও, বই ও আরও ১১টি প্রতিবেদন এবং ছয়টি মৃত্যুসনদ আদালতে দাখিল করে।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ২৪ ডিসেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হয়। ২০ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও প্রস্তুত না হওয়ায় পরে আজকের তারিখে রায় ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You