চাঁদপুরের পাঁচটি আসনে লড়বেন ৩৫ প্রার্থী

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭০ জন, জমা দেন ৪৬ জন। এর মধ্যে প্রাথমিকভাবে ৩০ জন বৈধ ঘোষিত হন এবং ১৬ জনের প্রার্থিতা বাতিল হয়। পরে আপিলে ১১ জন প্রার্থিতা ফিরে পান এবং ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

আসনভিত্তিক চিত্র—

চাঁদপুর-১ (কচুয়া):
মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন, জমা দেন ৭ জন। প্রাথমিকভাবে বৈধ ছিলেন ৪ জন, বাতিল হন ৩ জন। আপিলে ৩ জন প্রার্থিতা ফিরে পান। একজন প্রত্যাহার করায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৬ জন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ):
মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০ জন, জমা দেন ১২ জন। বৈধ ছিলেন ৫ জন, বাতিল হন ৭ জন। আপিলে ৫ জন ফেরত পান। দুইজন প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৮ জন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর):
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন ৯ জন। বৈধ ছিলেন ৮ জন, বাতিল হন ১ জন। আপিলে ১ জন ফেরত পান। দুইজন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৭ জন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ):
মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন, জমা দেন ১০ জন। বৈধ ছিলেন ৬ জন, বাতিল হন ৪ জন। আপিলে ২ জন ফেরত পান। বর্তমানে এই আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৮ জন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি):
মনোনয়নপত্র সংগ্রহ করেন ১১ জন, জমা দেন ৮ জন। বৈধ ছিলেন ৭ জন, বাতিল হন ১ জন। একজন প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৬ জন।

এই পাঁচ আসনের মধ্যে বিএনপির একক প্রার্থী থাকলেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলটির বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এছাড়া ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনিসুর রহমান শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করায় এখন ওই আসনে জামায়াত প্রার্থী আবু নসর মো. মকবুল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

Recommended For You