উত্তরায় আবাসিক ভবনে আগুন, দম্পতি ও শিশুসহ ৬ জনের মৃত্যু

বাংলা রিডার ডেস্ক
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার, তাদের আড়াই বছর বয়সী সন্তান মো. রিশান, রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) ও মো. রাহাব (১৭)।

ফজলে রাব্বি রিজভী কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড় এলাকার বাসিন্দা ছিলেন এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন। তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করতেন। অফিস বন্ধ থাকায় তাদের দুই সন্তান শুক্রবার সকালে মায়ের বাসায় অবস্থান করছিল।

আফরোজার বোন আফরিন জাহান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা আফরোজাকে মৃত ঘোষণা করেন। অপর নিহতদের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, কেউ দগ্ধ হননি; ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে সবার মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাসায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

Recommended For You