
বাংলা রিডার ডেস্ক
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আপিল বিভাগের চেম্বার আদালতের কার্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতের বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কার্য তালিকায় মামলাটি ৫৮ নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এ আপিল দায়ের করে, যেখানে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়। আপিল দায়েরের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মোট আটটি যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে এই আপিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। তবে অপর একটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রাজসাক্ষী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার বিরুদ্ধে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন।


