বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

বাংলা রিডার ডেস্ক

ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি বাংলাদেশে পৌঁছেছে। আজ বুধবার সকাল প্রায় ১০টার দিকে সোনালি ট্রফিটি ঢাকায় আসে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি হোটেল রেডিসনে নেওয়া হবে।

আজ দুপুর ২টার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি প্রদর্শনী ও ফটো সেশনের আয়োজন করা হয়েছে। তবে সাধারণ দর্শকদের জন্য সরাসরি দেখার সুযোগ সীমিত।

এই সফরে ট্রফির সঙ্গে রয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে গত ৩ জানুয়ারি শুরু হয় ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’-এর ষষ্ঠ আসর। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বভ্রমণের সূচনা হয়।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। প্রথমবারের মতো তিন দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল, অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ, সঙ্গে থাকবে ব্যাপক উৎসবমুখর আয়োজন।

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি এই সফরে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। ১৫০ দিনের বেশি সময় ধরে চলা এই ট্যুর ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার সুযোগ এনে দিচ্ছে।

বিজ্ঞাপন

Recommended For You