চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ২৩ লাখ ৩১ হাজার ২৩৫

বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে চাঁদপুর জেলায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচনকেন্দ্রিক আলোচনা ও বিশ্লেষণ। কে কোন আসনে দলীয় মনোনয়ন পাচ্ছেন—তা নিয়েও চলছে নানা জল্পনা। এদিকে নির্বাচন কমিশন নির্ধারিত কার্যক্রম অনুযায়ী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রশাসনিকভাবে চাঁদপুর জেলা ৮টি উপজেলা, ৭টি পৌরসভা, ৮৯টি ইউনিয়ন ও ১ হাজার ৩৬৫টি গ্রাম নিয়ে গঠিত। তবে জাতীয় সংসদের আসন রয়েছে মোট ৫টি। আসনগুলো হলো—চাঁদপুর-১ (কচুয়া), চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ), চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি)।

জেলায় মোট ভোটকেন্দ্র ৭০৬টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ২৬০টি।

মোট ভোটার সংখ্যা

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৩১ হাজার ২৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৮৭৪ জন এবং পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬৪৪ জন। এছাড়া জেলায় হিজড়া ভোটার রয়েছেন ১১ জন।

আসনভিত্তিক ভোটার সংখ্যা

চাঁদপুর-১ (কচুয়া ও পৌরসভা):
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৪৯২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ২১৮ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৫৬৫ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১১০টি এবং ভোটকক্ষ ৬৩৬টি। এ আসনে এখন পর্যন্ত ৪ জন প্রার্থী রয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ, ছেঙ্গারচর ও মতলব পৌরসভা):
মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫৭৮ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৪৮৯ জন। এখানে ভোটকেন্দ্র ১৫৫টি এবং ভোটকক্ষ ৯১৮টি। এ আসনে প্রার্থী রয়েছেন ৫ জন।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর, পৌরসভাসহ):
এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৩৩০ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬৪২ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৮২ হাজার ৭০৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬৫টি এবং ভোটকক্ষ ৯৯৪টি। বর্তমানে এ আসনে ৮ জন প্রার্থী রয়েছেন, আপিল শেষে আরও ১–২ জন প্রার্থী বাড়তে পারে।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ ও পৌরসভা):
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৩১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ২৬ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৬০৪ জন। এখানে ভোটকেন্দ্র ১১৮টি এবং ভোটকক্ষ ৭৩৭টি। এ আসনে ৪ জন প্রার্থী রয়েছেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি পৌরসভা):
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৭১৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮৩০ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ২৮০ জন। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে চাঁদপুর জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।

বিজ্ঞাপন

Recommended For You