চাঁদপুরের পাঁচ আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৭

বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকছেন মোট ২৮ জন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই–বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বৈধ ও অবৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ১৭ প্রার্থীর বেশিরভাগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনে গড়মিল এবং ঋণ খেলাপির কারণে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে মোট সাতজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন, হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের মো. আজাদ হোসেন ও জাতীয় পার্টির হাবিব খান এবং কাগজপত্র জটিলতার কারণে গণঅধিকার পরিষদের এনায়েত হোসেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে এবং একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন— হলফনামায় স্বাক্ষর না থাকায় জামায়াতে ইসলামীর ডা. আবদুল মুবিন, ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটার সমর্থনে জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ঋণ খেলাপির কারণে লেবার পার্টির নাসিমা আক্তার, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন নূর, হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলনের মানছুর আহমেদ সাকি এবং হলফনামায় ত্রুটির কারণে আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার। এ আসনে আবদুস শুক্কুর পাটোয়ারী মনোনয়ন প্রত্যাহার করেন।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে নয়জন প্রার্থীর মধ্যে আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের প্রার্থী সেলিম আকবরের মনোনয়ন বাতিল করা হয়।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন— সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, ইসলামী ফ্রন্টের আব্দুল মালেক বুলবুল এবং স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন। এ ছাড়া চাঁদপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়ার মনোনয়নও বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা সবাই বিধি অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

Recommended For You