ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই দূরত্ব আরও বেড়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্ত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বরাবর চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমে একাধিক বিষয়ে আইসিসিকে জানানো হবে বলে আলোচনা থাকলেও, শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট দাবিই উত্থাপন করেছে বিসিবি। রোববার (আজ) দুপুরে বোর্ডের ১৭ জন পরিচালক বৈঠক করে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত নতুন সিদ্ধান্ত নেন। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়—ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোনো ম্যাচে অংশ নেবে না বাংলাদেশ। বিসিবির একজন শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এ কারণে ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের আবেদনও করা হয়েছে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। এর আগে রাজনৈতিক বিরোধের কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কার ভেন্যুতে নির্ধারণ করা হয়েছিল।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই ভেন্যুতে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে আরও দুটি ম্যাচ এবং মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ নির্ধারিত ছিল।

এদিকে, বিসিবি আগেই আইসিসির কাছে বিশ্বকাপের স্কোয়াড পাঠিয়েছিল, যা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রত্যাশিতভাবেই দলের অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস, সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন দলে জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থাকা সত্ত্বেও দলে সুযোগ হয়নি নাজমুল হোসেন শান্তর, যিনি বিপিএলের শুরুতে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় রয়েছেন।

এ ছাড়া বোলিংয়ে চমৎকার ফর্মে আছেন রিপন মন্ডল ও আলিস ইসলাম। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন নির্বাচকরা। ঘোষিত প্রাথমিক দলে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনার সুযোগ থাকছে বিসিবির হাতে। এরপর পরিবর্তনের প্রয়োজন হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে।

বিজ্ঞাপন

Recommended For You