বিপিএলের মাঝপথেই বাংলাদেশ ছাড়ছেন যেসব পাকিস্তানি ক্রিকেটার

বাংলা রিডার ডেস্ক
সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর। তবে এই পর্ব শেষ হতেই বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট ছাড়তে পারেন। বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটারদের বড় একটি অংশ অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ত্যাগ করবেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জানুয়ারিতে দুটি আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান দল।

আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য সালমান আলি আগার নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে বর্তমানে বিপিএলে অংশ নেওয়া সাতজন ক্রিকেটার রয়েছেন। ফলে ৭ জানুয়ারির আগেই তাদের বাংলাদেশ ছাড়ার সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, বিপিএলের সিলেট পর্ব চলবে ২ জানুয়ারি পর্যন্ত, এরপর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব।

পাকিস্তানের স্কোয়াডে ডাক পাওয়া বিপিএল-খেলুড়ে ক্রিকেটাররা হলেন— ফাহিম আশরাফ ও খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ ও শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)। যদিও এর বাইরে আরও ৮ থেকে ১০ জন পাকিস্তানি ক্রিকেটার বিপিএলের বিভিন্ন দলের স্কোয়াডে রয়েছেন।

শ্রীলঙ্কা সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে। যদিও এবারের বিপিএলে এখনো মাঠে নামা হয়নি তার। ২৯ ডিসেম্বর রংপুর রাইডার্সের জার্সিতে তাকে প্রথমবার খেলতে দেখা যেতে পারে। এর আগে গত বিপিএলে তিনি চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছিলেন। এ ছাড়া প্রায় ছয় মাস পর পাকিস্তানের দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। কাঁধের অস্ত্রোপচারের কারণে গত জুন থেকে মাঠের বাইরে থাকলেও বর্তমানে বিগ ব্যাশ লিগে ভালো ফর্মে রয়েছেন তিনি।

অন্যদিকে, এই সিরিজের স্কোয়াডে জায়গা পাননি সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও তারকা পেসার হারিস রউফ। শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের পেস আক্রমণে থাকছেন নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান মির্জা। এই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতেই ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান।

শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক।

বিজ্ঞাপন

Recommended For You