বড়দিনের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার

বাংলা রিডার ডেস্ক

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটিতে কক্সবাজারে রেকর্ডসংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই সৈকত নগরীতে লাখো মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

সমুদ্রসৈকতের বালুকাবেলায় পর্যটকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন অবকাশযাপনে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত পার করছেন তারা।

রাজধানীর মিরপুর থেকে পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছেন আরিফুল হুদা। তিনি বলেন, ‘কক্সবাজার আমার খুব প্রিয় জায়গা। সুযোগ পেলেই চলে আসি। শীতকালে এখানকার পরিবেশটা আরও সুন্দর লাগে, সমুদ্র আমাকে সবসময় মুগ্ধ করে।’

তবে আনন্দের পাশাপাশি ভোগান্তিও রয়েছে। অতিরিক্ত খরচ, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং সৈকত এলাকায় কিছু ক্ষুদ্র ব্যবসায়ীর হয়রানি পর্যটকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরাজগঞ্জ থেকে আসা ব্যবসায়ী শামসুল আলম বলেন, ‘এখানে সবকিছুর দাম অনেক বেশি। অল্প দূরত্বে অটোরিকশা চালকরাও অতিরিক্ত ভাড়া দাবি করছেন। খাবারের দামও চড়া। এসব বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।’

বড়দিন উপলক্ষে শহরের অভিজাত হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। উৎসবের আমেজে হোটেলগুলো সাজানো হয়েছে বর্ণিল রূপে। পর্যটন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের প্রায় সব কক্ষই অগ্রিম বুকিং হয়ে গেছে। চলতি মৌসুমে শত কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা।

হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘২৭ তারিখ পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের ছুটি রয়েছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন হওয়ায় পর্যটকের চাপ আরও বেড়েছে। সব মিলিয়ে পর্যটন খাতে শত কোটি টাকার বেশি বাণিজ্য হবে বলে আশা করছি।’

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে নিয়মিত মনিটরিং করছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। পর্যটক হয়রানি রোধে আমরা নিরলসভাবে কাজ করছি।’

তিনি আরও জানান, পর্যটকদের প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বর ০১৩২০১৬০০০০-এ যোগাযোগ করলে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

Recommended For You