
বাংলা রিডার ডেস্ক
আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) রাষ্ট্রপতি তাকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ করায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
পেশাগত জীবনে তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ১৩ আগস্ট তিনি ওই পদে শপথ গ্রহণ করেন।


