
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার সংলগ্ন খানেপুর এলাকায় অবৈধভাবে চর কেটে দখলের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে খানেপুর চরে অভিযান চালানো হয়।
অভিযানে দুটি চর দখলের উদ্দেশ্যে তিনটি ভেকু (এক্সকাভেটর) প্রস্তুত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ভেকুগুলো বিকল করে দেওয়া হয় এবং চর কাটার প্রস্তুতিতে নিয়োজিত তিনজন শ্রমিককে আটক করা হয়। আটক শ্রমিকদের মধ্যে নহিদ শেখ ও আল-আমিনের নাম জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, খানেপুর এলাকার এসব চরে দীর্ঘদিন ধরে কৃষিকাজ হয়ে আসছে। এখানে প্রতি মৌসুমে সরিষা, আলু, ধনিয়া, ধানসহ বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়, যা এলাকার মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস।
তাদের অভিযোগ, সম্প্রতি ইউনিয়নের চাঁন মিয়া ওরফে চান্দু চৌকিদার, নান্টু মাল ও ইউনুস মোল্লার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে চর কেটে দখলের মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করে। এ উদ্দেশ্যে তারা পাবনা থেকে শ্রমিক এনে তিনটি ভেকু দিয়ে চর কাটার প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়।
সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, সরকারি জমি ও চর দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



