নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

বাংলা রিডার ডেস্ক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে একজন নিহতের পরিচয় নিশ্চিত করলেও অপর চারজনের পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের একজন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, জাগলার চরের জমি এখনো সরকারি বন্দোবস্ত না হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী গ্রুপ ওই জমি দখল ও বিক্রির চেষ্টা চালিয়ে আসছে। গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী চরের কিছু জমি বিক্রি করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমির দখল নিতে সক্রিয় হয় এবং নিজেরাও বেশি দামে জমি বিক্রি শুরু করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হন। পরে আলাউদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজন ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে ফরিদ কমান্ডার, শামসু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী—এই তিনটি গ্রুপ জড়িত ছিল। এতে শামসু বাহিনীর প্রধান ও আলাউদ্দিন বাহিনীর প্রধান নিহত হলেও ফরিদ বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জাগলার চরে অস্থিরতা বিরাজ করছে। সংঘর্ষের সময় বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন বাহিনী চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে হাতিয়া থানা পুলিশের ওসি মো. সাইফুল আলম বলেন, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম এলাকার কারণে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

Recommended For You