নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিনের

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি কোনো ব্যাংক ঋণও গ্রহণ করেননি। তিনি দাবি করেন, “যদি দুর্নীতি দমন কমিশন (দুদক) আমার বিরুদ্ধে মামলা করেই থাকে, তাহলে আমি আইনগতভাবে তা মোকাবিলা করব।”

মঙ্গলবার (বেলা ১১টা) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. জালাল উদ্দিন। সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিধিবহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদেশে ড. জালাল উদ্দিনসহ তার পরিবারের পাঁচ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ড. জালাল উদ্দিন অভিযোগ করেন, দলের মনোনয়ন পাওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “আমি জীবনে কোনো অপকর্ম করিনি, ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ। মনোনয়নবঞ্চিত কিছু ব্যক্তি ব্যর্থ হয়ে অপকৌশলের আশ্রয় নিচ্ছেন।”

তিনি আরও বলেন, এসব অপপ্রচারে দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তবে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ড. জালাল উদ্দিন বলেন, “এমন নয় যে আমি নির্বাচন করতে পারব না। আমার প্রতি আস্থা রেখেই দল ২০১৮ সালে এবং এবারের নির্বাচনেও আমাকে মনোনয়ন দিয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

Recommended For You