
বাংলা রিডার ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে—তা আমরা দেখিয়ে দিতে চাই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাহীনতার অপবাদ থেকে মুক্ত হতে চান বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
বক্তব্যের শুরুতে তিনি উসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
সিইসি বলেন, আমাদের সামনে একটি জাতীয় ও শাসনতান্ত্রিক দায়িত্ব এসে পড়েছে। মাঠ পর্যায়ে যারা কার্যকরভাবে সরকার ও রাষ্ট্রকে সচল রাখেন, তারা সবাই আজ এখানে উপস্থিত। এই ক্রান্তিলগ্নে দেশকে সঠিক পথে ও সঠিক অবস্থায় রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব।
তিনি বলেন, আমার কর্তৃত্ব তখনই কার্যকর হবে, যখন আপনারা দায়িত্বশীলভাবে কাজ করবেন। আপনারা কাজ না করলে আমার কর্তৃত্বও কার্যকর হবে না। সিস্টেমকে সচল রাখা, তা কার্যকরভাবে ডেলিভারি দিতে সক্ষম করা—এই সম্পূর্ণ দায়িত্ব আপনাদের ওপর। আমরা সবাই এর জন্য দায়বদ্ধ।
সিইসি আরও বলেন, যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, তা আমরা সবাই মিলে নিষ্ঠার সঙ্গে পালন করব। এখানে কোনো ধরনের বিচ্যুতি গ্রহণযোগ্য হবে না। সবাইকে সঠিক কাজটি সঠিক সময়ে ও কার্যকরভাবে করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত ছিল। এসব অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে সঠিক ও সুন্দর নির্বাচন করা সম্ভব।
সিইসি বলেন, এটি সম্ভব একমাত্র আইনের শাসনের মাধ্যমে। তাই মাঠ পর্যায়ে যারা দায়িত্বে আছেন, তাদের সবাইকে আইনের শাসন নিশ্চিত করতে হবে।
বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত ছিলেন।



