
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক উপ-সচিব মো. গোলাম জাকারিয়াকে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বদলি করা হয়েছে। গত ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মো. গোলাম জাকারিয়া।
তার বদলির খবরে চাঁদপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্বস্তি প্রকাশ করে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট ও মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ভিন্নমত জানিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মো. গোলাম জাকারিয়ার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই পৌরবাসীর একাংশের মধ্যে অসন্তোষ ছিল। অভিযোগ রয়েছে, তার সময়ে এক বছরের মধ্যে একাধিকবার পানির বিল ও পৌর কর বৃদ্ধি করা হলেও নাগরিক সেবার মানে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এসব সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন সংগঠন একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ ছাড়া দায়িত্ব গ্রহণের পর তিনি চাঁদপুর শহরের পুরান বাজারে অবস্থিত পৌরসভার প্রায় ১২৫ বছরের পুরোনো দাতব্য চিকিৎসালয় বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় সাবেক জনপ্রতিনিধি, সমাজকর্মী ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল থেকে তা পুনরায় চালুর দাবি ওঠে। তবে দীর্ঘ সময় পার হলেও চিকিৎসালয়টি চালু হয়নি।
আরও অভিযোগ রয়েছে, যানজট নিরসনের উদ্যোগ হিসেবে অটোরিকশায় দুই রঙ ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে চালকদের কাছ থেকে অর্থ আদায় করা হলেও তা কার্যকর হয়নি। পাশাপাশি পৌর এলাকায় ব্যাটারি ও প্যাডেলচালিত ৫০০ রিকশার লাইসেন্স প্রদান করা হয়, যা নিয়েও সমালোচনা রয়েছে।



