আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিইসির বৈঠক

বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক শুরু হয়। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধিরা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার উপস্থিত রয়েছেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠক করেন তিন বাহিনীর প্রধানরা। ওই বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। ভোটের তফসিল ঘোষণার পর এটি ছিল নির্বাচন কমিশনের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের প্রথম বৈঠক।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর ভূমিকা, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি ২০২৫ প্রতিপালন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

Recommended For You