বগুড়া-৭ খালেদা জিয়া ও ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

বাংলা রিডার ডেস্ক
বগুড়া জেলার দুটি আসনে বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে রোববার (২১ ডিসেম্বর) মনোনয়নপত্র তোলা হয়।

দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া-৭ আসনটি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির নেতাদের দাবি, নানা রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও দমন-পীড়নের মধ্যেও এই আসনে দলের শক্ত ভোটভিত্তি অটুট রয়েছে।

মনোনয়ন সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘বগুড়া-৭ আসনের মানুষ বেগম খালেদা জিয়াকে শুধু রাজনৈতিক নেতা নয়, নিজেদের অভিভাবক হিসেবে দেখেন। আগের মতো এবারও তারা বিপুল সমর্থন জানাতে প্রস্তুত।’

অন্যদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কার্যালয় থেকে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিস এলাকায় অবস্থান নিলেও মনোনয়ন উত্তোলনের সময় তারা ভেতরে প্রবেশ করেননি।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে রেজাউল করিম বাদশা বলেন, ‘তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন। এটি শুধু একটি প্রার্থিতা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। বগুড়ার মানুষ তাকে জাতীয় নেতৃত্বের প্রতীক হিসেবে দেখেন এবং ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছেন।’

বিজ্ঞাপন

Recommended For You