
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ৫ জন কক্ষ পরিদর্শককে তাৎক্ষণিকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালে পরিদর্শনকালে নকলের ঘটনা শনাক্ত হলে সংশ্লিষ্ট ৭ পরীক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি পরীক্ষা পরিচালনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে ৫ কক্ষ পরিদর্শককে তাৎক্ষণিকভাবে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়।
বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব মাসুদ পারভেজ জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ৬ জন অনিয়মিত ছাত্র-ছাত্রী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন। তারা অভিনব উপায়ে পরিহিত শার্টের ভেতরে নকল লিখে কেন্দ্রে প্রবেশ করেছিলেন। বোর্ডের প্রতিনিধি দল পরিদর্শনের সময় তাদের হাতেনাতে নকলসহ আটক করে বহিষ্কারের নির্দেশ দেন। একইসঙ্গে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা ও দায়িত্বে অবহেলার কারণে ৫ কক্ষ পরিদর্শককে মৌখিকভাবে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার জন্য ৫ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।



