
বাংলা রিডার ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটে এসে কিছুক্ষণ উচ্চস্বরে চিৎকার করেন। তিনি বলেন, তারা বাংলা ও হিন্দি মিশিয়ে বিভিন্ন কথা বলছিলেন, যার মধ্যে ছিল—হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাইকমিশনারকে ধরার হুমকির মতো বক্তব্য। পরে তারা মূল ফটকের সামনে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ চিৎকার করে ঘটনাস্থল ত্যাগ করে।
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, এমনটা হতে পারে। তিনি জানান, হিন্দি ও বাংলার মিশ্রণে তারা এ ধরনের বক্তব্য দেয় যে, সেখানে হিন্দুদের কিছু হলে এর জবাব দেওয়া হবে—এমন হুমকিমূলক কথাও শোনা গেছে।
ঘটনার পর রাতেই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা হাইকমিশনারকে জানান, অভিযুক্তরা কেবল চিৎকার করেই চলে গেছে, হাইকমিশন প্রাঙ্গণে কোনো ধরনের ভাঙচুর বা অতিরিক্ত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।



