শহীদ হাদির জানাজায় মানুষের ঢল, জনসমুদ্রে পরিণত সংসদ এলাকা

বাংলা রিডার ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের সমাগম ঘটেছে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা মানুষের ঢলে জনসমুদ্রে রূপ নিয়েছে। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান—এই বিশাল জনস্রোত সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৬টি প্রবেশপথ দিয়ে মানুষকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, উপস্থিতির সংখ্যাও তত বাড়ছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ধানমন্ডি থেকে জানাজায় অংশ নিতে আসা এনামুর রহমান বলেন, “জীবনে এত মানুষ একসঙ্গে দেখিনি।”

সারিতে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি এস এম নজরুল ইসলাম বলেন, “হাদির মতো মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন মানুষের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানো সৌভাগ্যের বিষয়। প্রয়োজন হলে সারাদিন অপেক্ষা করতেও প্রস্তুত। আশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবো—সে সুযোগ আর হলো না, এটাই কষ্ট।”

বিজ্ঞাপন

Recommended For You