কবি নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

বাংলা রিডার ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা করেছে। তার জানাজা আগামী শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের দিকে নেওয়া হচ্ছে। সেখানে মরদেহ রাখার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।

পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহরে অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তের কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ তার মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে বলে জানানো হয়।

এছাড়া, আন্দোলনকারীদের উদ্দেশে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে পোস্টে বলা হয়, আজ ও আগামীকাল ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনকে ভিন্নখাতে নিতে বা সহিংসতা সৃষ্টির সুযোগ না পায়।

একই সঙ্গে জানানো হয়, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রাখা এবং শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন তিনি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

বিজ্ঞাপন

Recommended For You