
বাংলা রিডার ডেস্ক
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, গত প্রায় এক মাস ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। এই সময়ের মধ্যে বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল রয়েছে। এদিন তার একটি ছোট অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
ডা. জাহিদ আরও বলেন, খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এর আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন আছেন। যদিও তিনি সিসিইউতে রয়েছেন, সেখানে আইসিইউর সব ধরনের চিকিৎসা সুবিধা বিদ্যমান রয়েছে।
তিনি জানান, আজকের অপারেশনটি খালেদা জিয়া ভালোভাবেই গ্রহণ করেছেন এবং তার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করা হয় বলেও উল্লেখ করেন ডা. জাহিদ।



