হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ

বাংলা রিডার ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ‘শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভের শুরুতেই সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল—‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

একই সময়ে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমে পৃথকভাবে বিক্ষোভ শুরু করে। তারাও হাদি হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভ থেকেই আজ জুমার নামাজের পর সব মসজিদ থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You