ফখরুল ও রিজভীর কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠকে বসছে বিএনপি

বাংলা রিডার ডেস্ক

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএনপি তাদের দুটি পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত বাতিল রাখা হয়েছে।

শুক্রবার দুপুরে দলের দায়িত্বশীল সূত্র জানায়, গুরুত্বপূর্ণ ও জরুরি রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আজ রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূর্বনির্ধারিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং একই সঙ্গে রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You