আজ সন্ধ্যায় দেশে ফিরছে হাদির মরদেহ

বাংলা রিডার ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।

এছাড়া, দেশে পৌঁছানোর পর শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা যান।

এর আগে, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সেদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

বিজ্ঞাপন

Recommended For You