ওসমান হাদি আর নেই

বাংলা রিডার ডেস্ক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই তথ্য জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজেও।

পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে লেখেন, ‘আমাদের ভাই হাদী রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে।’

শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এক ফেসবুক পোস্টে লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী ভাই শাহাদাৎ বরণ করেছেন।’

তিনি আরও লেখেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে তার এই আত্মদান নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে অনন্ত প্রেরণা হয়ে থাকবে। জান দেবো, তবু জুলাই দেব না। ইনকিলাব জিন্দাবাদ!’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।

বিজ্ঞাপন

Recommended For You