হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি

বাংলা রিডার ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, এ ঘটনার কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডসংলগ্ন আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইয়ুথ ভোটার উদ্বোধন অনুষ্ঠান’-এ বক্তব্যকালে সিইসি দেশবাসীকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, আইনশৃঙ্খলার বড় ধরনের কোনো অবনতি হয়নি। মাঝে মাঝে দু–একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। হাদির ওপর হামলার ঘটনাটিও আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছি।

অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার কথাও স্মরণ করিয়ে দিয়ে সিইসি বলেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়।

নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সিইসি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে কিছু আশঙ্কা থাকতে পারে, তবে কমিশনের কোনো সংশয় নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, অতীতের তুলনায় বর্তমান পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এখন মানুষ শান্তিতে চলাফেরা করতে পারছে। সম্প্রতি শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারা নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

সিইসি বলেন, নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে—এই প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

বিজ্ঞাপন

Recommended For You