
বাংলা রিডার ডেস্ক
মসজিদকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন।
শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতাদের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীও উপস্থিত ছিলেন।
এ এম এম বাহাউদ্দীন বলেন, “ইমাম-খতীব ও আলেম সমাজের মতামতের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। তবে মসজিদ যেন কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়। জুমার খুতবা কিংবা ধর্মীয় অনুষ্ঠান যেন নিরপেক্ষ থাকে। আল্লাহর দরবারে জবাবদিহির কথা মাথায় রেখে কেউ যেন রাজনৈতিক স্বার্থে নিজেদের বিক্রি না করেন।”
তিনি আরও বলেন, “যে দল ইসলাম, আকীদা ও ইসলামি সংস্কৃতির নিরাপত্তা নিশ্চিত করবে, আলেমরা কেবল তাদের সঙ্গেই সম্প্রীতি গড়বে। ঈমান ও মাজহাবের বিষয়ে আপসের কোনো সুযোগ নেই।”
মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী বলেন, “জমিয়াতুল মোদার্রেছীন সবসময় আলেম-ওলামা, ইমাম-খতীব, পীর-মাশায়েখ ও ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে আছে। এ সংগঠন কেবল শিক্ষকদের উন্নয়ন নয়, ইসলামি মূল্যবোধ, হানাফি মাজহাব ও আহলে সুন্নত ওয়াল জামাআতের আদর্শ রক্ষায়ও অঙ্গীকারবদ্ধ।”
সভায় রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ও মসজিদে অন্যায় হস্তক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানান নেতারা।
সভায় আরও বক্তব্য দেন ইমাম সমিতি ও জমিয়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন অধ্যক্ষ মুফতী এজহারুল হক, অধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, আবু জাফর মো. ছাদেক হাসান, মুফতি আখতারুজ্জামান, মাওলানা মাসউদ আহমদ, প্রফেসর আবু নোমানসহ আরও অনেকে।



