
বাংলা রিডার ডেস্ক
১৮ বছরের দীর্ঘ প্রবাসজীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “আমরা যে বার্তা দিতে যাচ্ছি তা শুধু আপনাদের জন্য নয়, দেশের মানুষের জন্যও স্বস্তির বার্তা বয়ে আনবে।”
তিনি আরও বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি মানুষের প্রিয় নেতা, যিনি প্রায় ১৮ বছর ধরে বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক আন্দোলন ও দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন—সেই সংগ্রামী নেতা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে ফিরে আসছেন।”
উল্লেখ্য, ২০০৭ সালে এক–এগারোর রাজনৈতিক পরিস্থিতির পর তারেক রহমান গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান এবং তখন থেকেই সেখানে অবস্থান করছেন।



