ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ

বাংলা রিডার ডেস্ক 

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদির ওপর হামলা চালানো হয়।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, হাসপাতালে আনার সময় হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তাকে সিপিআর দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়। তার মাথার ভেতরে একটি গুলি রয়েছে এবং বাম কানের পাশে গুলির আঘাত লেগেছে।

ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, তার জন্য ‘বি নেগেটিভ’ রক্তের জরুরি প্রয়োজন। তবে তার সামগ্রিক শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে বিজয়নগর এলাকায় গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ টিম পাঠানো হয়েছে। নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা তার সহকারী মিসবাহ জানান, জুমার নামাজ শেষে মতিঝিলের বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় ফেরার সময় দুই মোটরসাইকেল আরোহী কাছে এসে গুলি করে পালিয়ে যায়। গুলি হাদির বাম কানের নিচে লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ওসেক (ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার)-এ চিকিৎসাধীন।

মিসবাহ আরও জানান, হাদির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন ওসমান হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে তিনি পোস্ট করে জানান, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি এসেছে এবং তার পরিবার—মা, বোন ও স্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের ‘খুনিদের’ পক্ষ থেকে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে ফোন ও বার্তা পাঠানো হয়েছে, যেখানে তাকে নজরদারিতে রাখা, বাড়িতে আগুন দেওয়া এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

বিজ্ঞাপন

Recommended For You