
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-২ (মতলব দক্ষিণ–মতলব উত্তর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ইসরাত জাহান বিন্দু। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
চাঁদপুরের মতলব দক্ষিণের মোবারকদি গ্রামে জন্ম নেওয়া ইসরাত জাহান বিন্দু চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকটময় সময়ে তিনি চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক নেতৃত্ব, সংগঠনী সক্ষমতা ও দায়িত্ববোধের পরিচয় দেন।
বর্তমানে তিনি এনসিপির অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব। পাশাপাশি তেজগাঁও জোনের অধীন ৯ থানা এবং কুমিল্লা অঞ্চলের ৬ জেলার সাংগঠনিক দায়িত্বও তিনি পালন করছেন। দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি সংগঠনের অর্থ বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
তরুণ নেতৃত্ব ও সংগঠনী দক্ষতা তাঁকে জাতীয় যুব নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছে দিয়েছে। চাঁদপুর–২ আসনের উন্নয়ন, বৈষম্যমুক্ত সমাজ গঠন ও তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করাকে তিনি নিজের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী মতলব গড়ার প্রত্যয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
নারীদের নেতৃত্বে তাঁর ভূমিকা
ইসরাত জাহান বিন্দু দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব বিকাশে কাজ করছেন। আন্দোলনের কঠিন সময় থেকে শুরু করে সাংগঠনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই তিনি নারীদের পাশে দাঁড়িয়ে তাদের আত্মবিশ্বাস তৈরি, পরামর্শ, আইনি সহায়তা ও নিরাপত্তা নির্দেশনা দিয়ে সহায়তা করেছেন। তাঁর বিশ্বাস, সমাজের অগ্রগতি তখনই সম্ভব, যখন নারীরা সমানভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেবে। যোগ্য ও আত্মবিশ্বাসী নারী নেতৃত্ব গড়ে তোলাই তাঁর ভবিষ্যৎ লক্ষ্য।



