
বাংলা রিডার ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র জানায়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫), যিনি নবম শ্রেণিতে পড়তেন। ঘটনার সময় লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন।
পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে বর্বরভাবে কুপিয়ে হত্যা করা হয়। লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৬টি গভীর ক্ষত ছিল।
ঘটনার পর থেকেই সন্দেহের কেন্দ্রে ছিলেন নতুন যোগ দেওয়া গৃহকর্মী আয়েশা, যিনি মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি সকাল ৭টা ৫১ মিনিটে ফ্ল্যাটে প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে নিয়ে বাসা ছাড়েন।
পুলিশের ধারণা, ঘটনার নৃশংসতার মাত্রা দেখে এটি হয় কোনো প্রশিক্ষিত ব্যক্তির কাজ, অথবা প্রচণ্ড ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ সুরতহাল তারা দেখেননি।



