চাঁদপুরকে আধুনিকভাবে গড়ে তুলতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুরের ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এফবিসিসিআই-এর জেনারেল বডি মেম্বার ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে ৫৫টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চাঁদপুরকে আধুনিকভাবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাকে ভোটে নির্বাচিত করলে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলে চাঁদপুরের উন্নয়নে আমরা একসাথে কাজ করব।”
তিনি আরও জানান, জয়ী হলে আগামী তিন বছরের মধ্যে মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। পাশাপাশি ক্ষমতায় এলে সরকারি অর্থ যেন অপচয় না হয় তা নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, চেম্বারের সহ-সভাপতি ফারুক আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষসহ বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা।

হাসপাতাল, ডায়াগনস্টিক, বাজার কমিটি, ঔষধ ব্যবসায়ী, হকার্স, শিপিং, জুয়েলারি, বস্ত্র, রড-সিমেন্ট, ডেভেলপার, হোটেল-রেস্তোরাঁ, পরিবেশক, মৎস্য বনিক, বরফকল, পুস্তক ও বেকারি–সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বক্তারা বলেন, “মিজানুর রহমান চৌধুরীর পর শহরের আরেক কৃতি সন্তান হলেন শেখ ফরিদ আহমেদ মানিক। এত বড় পরিসরে ৫৫টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে মতবিনিময়—চাঁদপুরে এ প্রথম।”

সভা পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হকার্স মার্কেট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম এবং গীতা পাঠ করেন পুরানবাজার ব্যবসায়ী নেপাল চন্দ্র সাহা।

বিজ্ঞাপন

Recommended For You