
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। রেকর্ডিং হবে ১০ ডিসেম্বর, নির্বাচন ভবনে।
সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সিইসির ভাষণ রেকর্ডের বিষয়ে বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে।
ইসির পক্ষ থেকে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। ভাষণে সিইসি ভোটারদের নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানাবেন এবং প্রার্থীদের প্রতি আচরণবিধি মেনে চলার অনুরোধ থাকবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিইসির ভাষণ সরাসরি সম্প্রচার করা হলেও এবার তা আগেই রেকর্ড করে প্রচার করা হবে।
ইসির আরও জানায়, তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় অধিকাংশ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী, নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানাতে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সাধারণত এই সাক্ষাতের পরই তফসিল ঘোষণা করা হয়।



