
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনাও রয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসির ১০তম সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।
বৈঠকে আলোচ্য প্রধান বিষয়গুলো
১. আইনগত ও প্রক্রিয়াগত প্রস্তুতি:
তফসিল ঘোষণার আগে ও পরে কমিশনের করণীয় বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা।
২. নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের বর্তমান প্রস্তুতি মূল্যায়ন।
৩. মাঠ পর্যায়ের সমন্বয়:
মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় জোরদার করার বিষয়াদি।
৪. রাজনৈতিক দলের নিবন্ধন:
দলীয় নিবন্ধন সংক্রান্ত বিবিধ প্রক্রিয়া ও সিদ্ধান্ত।
৫. এনআইডি সংশোধন:
জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন পদ্ধতি পর্যালোচনা এবং নতুন এসওপি (Standard Operating Procedure) চূড়ান্তকরণ।
৬. মক ভোটের অভিজ্ঞতা:
২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোট থেকে পাওয়া অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের সুপারিশের ভিত্তিতে কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত।
৭. স্মার্ট কার্ড ও আর্থিক কার্যক্রম:
পার্সোনালাইজেশন সেন্টারের নয়টি মেশিন বিএমটিএফ থেকে আইডিইএ প্রকল্পে হস্তান্তর সম্পন্ন।
স্থগিত বকেয়া বিল পরিশোধ, ২০১৯–২০২২ মেয়াদের স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বিল এবং অতিরিক্ত ১৪ লাখ কার্ডের দাবি পর্যালোচনা।
স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণ সংক্রান্ত ক্রয় প্যাকেজ (এনসিএস-২৭) চুক্তি ও কার্যক্রমের সিদ্ধান্ত।
এ ছাড়া আরও কিছু আনুষঙ্গিক বিষয়ও বৈঠকের আলোচনায় রয়েছে।



