নতুন ভোটারদের অংশগ্রহণে চাঁদপুরে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলা রিডার ডেস্ক

‘গণতন্ত্র শক্তিশালীকরণ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে শতাধিক নতুন ভোটারকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া। তিনি বলেন, নতুন ভোটারদের জন্য এই অংশগ্রহণ নির্বাচনী আচরণবিধি, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন সম্পর্কে সচেতন হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেবে। সুজনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের আরও সমৃদ্ধ করবে এবং সচেতন নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে।

উদ্বোধনী পর্বের পর কলেজের অডিটোরিয়ামে ৫০টি এমসিকিউ প্রশ্ন নিয়ে ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র প্রদান করা হয়। শীর্ষ তিনজন পরবর্তীতে জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

অলিম্পিয়াডটি আয়োজন করেছে দি হাঙ্গার প্রজেক্ট–বাংলাদেশ; সার্বিক সহযোগিতায় ছিল সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটি।

পরীক্ষা শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন। সঞ্চালনায় ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়ক নাছির উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা, শিক্ষক ওমর ফারুক, সংগঠক সালাউদ্দিন, কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক আলম পলাশ, জাকির হোসেন, শোভন আল-ইমরান, মোরশেদ আলম রোকন, মো. মাসুদ আলম, শরীফুল ইসলামসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

Recommended For You