অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে সরে এসে দৃষ্টান্ত গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা রিডার ডেস্ক
অতীতের ‘তামাশা ও প্রহসনের নির্বাচন’ থেকে বেরিয়ে এসে একটি নতুন দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “নির্বাচন বলতে আমরা অতীতের কিছু নির্বাচনের কথাই মনে করি—প্রহসনের নির্বাচন, প্রতারণার নির্বাচন, তামাশার নির্বাচন। সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতেই হবে।”

পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে তিনি বলেন, “গণঅভ্যুত্থান–পরবর্তী এই ঐতিহাসিক নির্বাচনকে সফল করতে দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো পক্ষপাতিত্বের সুযোগ না থাকে। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় চেষ্টা সত্ত্বেও পক্ষপাত ঢুকে পড়ে—দৈবচয়ন সে সুযোগ বন্ধ করে দেয়।”

তিনি আরও বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনারা যে দায়িত্ব পালন করছেন তা শুধু নিয়মিত দায়িত্ব নয়—এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। দেশি–বিদেশি পর্যবেক্ষকরা আমাদের প্রতিটি দিক খতিয়ে দেখবে। তারা বলবে—এটা হয়নি, ওটা হলে ভালো হতো। কিন্তু আমরা এমন নির্বাচন করতে চাই, যাতে তারা ফিরে গিয়ে গর্বের সঙ্গে বলে—বাংলাদেশের নির্বাচনের মতো নির্বাচন আর কোথাও দেখিনি। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।”

প্রধান উপদেষ্টা যোগ করেন, “এটা সাধারণ নির্বাচন নয়। পাঁচ বছর পরপর যে রুটিন নির্বাচন হয়, তার মতো নয়। এটি গণঅভ্যুত্থান–পরবর্তী নির্বাচন। যারা এই অভ্যুত্থানে শরিক হয়েছিল, যাদের আদর্শ ও স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি—এই নির্বাচন সেই স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ ধাপ।”

বিজ্ঞাপন

Recommended For You