খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ, যুক্তরাজ্যের চিকিৎসক বিল এভারকেয়ারে

বাংলা রিডার ডেস্ক
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল হাসপাতালে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন এবং খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে, খালেদা জিয়ার খোঁজ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা–কর্মীরা সকাল থেকেই হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভিড়ও বাড়তে থাকে।

এভারকেয়ার হাসপাতালের সামনে কুমিল্লা থেকে আসা বিএনপি কর্মী মাহিদুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, “নেত্রীর জন্য খুব খারাপ লাগছিল, তাই চলে আসলাম। আমরা সবাই দোয়া করছি—নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে কয়েক মাস চিকিৎসা নিয়ে তিনি ৬ মে দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You