
বাংলা রিডার ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, “আমরা এখন নির্বাচনী জোয়ারে আছি। সবাই চায় শতাব্দীর ভালো একটি নির্বাচন হোক।”
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ইসি সচিব বলেন, সামনে যে জাতীয় নির্বাচন ও গণভোট—এ দুটি আয়োজনই বড় এবং একে অন্যের পরিপূরক। গণভোটের চারটি প্রশ্ন নিয়ে কিছু মানুষের মনে সন্দেহ দেখা দিলেও উপদেষ্টা পরিষদের আলোচনায় বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে ২০টি প্রতিশ্রুতি থাকে—সবগুলোতে সবাই একমত হয় না, তবে সামগ্রিক প্যাকেজ দেখে ভোটাররা সিদ্ধান্ত নেয়। গণভোটের ক্ষেত্রেও বিষয়টি একই।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও মানসম্মত নির্বাচন আয়োজন করতে।”
অনুষ্ঠানে ইটিআই–এর মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।


