নিশ্ছিদ্র নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন: সিইসি

বাংলা রিডার ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, “যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। অস্ত্রের মাধ্যমে ভোটে জেতার দিন শেষ। এবার যদি কোনো কেন্দ্রে অনিয়ম হয়, তাহলে পুরো কেন্দ্রের ভোটই বাতিল করা হবে।”

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (RPATC)-তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সেখানে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি।

তিনি আরও বলেন, “আমি দেশের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছি। এই নির্বাচন নির্ধারণ করবে দেশ গণতন্ত্রের পথে এগোবে নাকি বিপরীত দিকে যাবে। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত নয়। আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।”

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে সিইসি জানান, “আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছি। মৃত ভোটারদের বাদ দিয়েছি এবং যাদের নাম ছিল না, অথচ ভোটার হওয়ার যোগ্য, তাদের অন্তর্ভুক্ত করেছি। প্রায় ৭৭ হাজার জনবল এই কাজে নিয়োজিত ছিল। এখন তালিকার কিছু কারেকশন বাকি আছে, এরপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিতর্কের বিষয়ে তিনি বলেন, “আনুপাতিক বা পিআর পদ্ধতি সংবিধানে নেই। আইন পরিবর্তন ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক থাকলেও নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো অবস্থান নিচ্ছে না।”

নির্বাচনকালে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন, “সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারে।”

সরকার থেকে চাপ এলে পদত্যাগ করবেন বলেও সাফ জানিয়ে দেন সিইসি। তিনি বলেন, “এখন পর্যন্ত সরকার কোনো চাপ দেয়নি। যদি দেয়, আমি পদত্যাগ করব।”

আওয়ামী লীগ প্রসঙ্গে সিইসি জানান, দলটির বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নেই এবং বিচারাধীন থাকায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও সীমিত।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

Recommended For You