মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ

বাংলা রিডার ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে। একইসঙ্গে প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।

রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে সূচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহণ শুরু হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিকে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন ইনু। তিনি জুলাই গণঅভ্যুত্থানকে ‘সো–কলড’ বলে আখ্যায়িত করেছেন, যা প্রসিকিউশন রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে দাবি করছে। প্রসিকিউশন তার রিভিউ আবেদন বাতিলের আবেদনও জানিয়েছে। এই বিষয়ে আজ ট্রাইব্যুনালে আদেশ হতে পারে।

এর আগে, ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২ ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় এবং আজকের দিনের জন্য সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ নির্ধারণ করে। অভিযোগ পাঠের সময় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন ইনু। ২৮ অক্টোবর তার পক্ষে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে অব্যাহতি চান। তবে প্রসিকিউশন মনে করে, ১৪ দলীয় জোটের শরিক হিসেবে ইনু এই দায় এড়াতে পারেন না। গত ২৩ অক্টোবর অভিযোগ গঠনের ওপর শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন জুলাই–আগস্টের গণহত্যায় সহযোগিতাসহ আটটি অভিযোগ দাখিল করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

উল্লেখ্য, জুলাই–আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়া শহরে নিহত হন—শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন আরও অনেকে। ঘটনাটির ভিত্তিতে ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। তদন্ত শেষে প্রসিকিউশন উসকানি, ষড়যন্ত্রসহ আটটি অভিযোগ উপস্থাপন করে। ৩৯ পৃষ্ঠার ফরমাল চার্জে ২০ জন সাক্ষীর নাম রয়েছে, পাশাপাশি প্রমাণ হিসেবে তিনটি অডিও ও ছয়টি ভিডিও জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You