ধানের শীষ বিজয়ী হলে লক্ষ্মীপুর ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত হবে—শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

দিনের শুরুতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লস্কর বাড়ি থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে ৯নং ওয়ার্ডের পূর্ব জাফরাবাদ, আব্বাস খান বাড়ি, দাইন খাঁ বাড়ি, জমদার পোল, গাজী বাড়ি, মেন্দী খান বাড়িসহ বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় ঘরে ঘরে গণসংযোগ করেন। সকাল ৯টা ১৫ মিনিটে নাসির খানের বাড়িতে উঠান বৈঠকেও অংশ নেন তিনি।

গণসংযোগে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “ধানের শীষে ভোট দিলে এলাকায় উন্নয়ন হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে পাওয়া যাবে।” তিনি স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। আপনারা ধানের শীষে ভোট দিলে আমাকে সেবা করার সুযোগ দেবেন, আর এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত হবে।”

গণসংযোগে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে স্লোগান ও জনসমাগমে পুরো ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, আন্দোলন ও নির্বাচনে তারা শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থাকবেন।

বিজ্ঞাপন

Recommended For You