প্লট বরাদ্দে অনিয়মে হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার রায় ১ ডিসেম্বর

বাংলা রিডার ডেস্ক
প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং অন্যদের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন—

  • জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার

  • সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার

  • অতিরিক্ত সচিব অলিউল্লাহ

  • সচিব কাজী ওয়াছি উদ্দিন

  • রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা

  • সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম (কারাগারে আটক)

  • তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন

  • মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী

  • সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম

  • সহকারী পরিচালক মাজহারুল ইসলাম

  • উপপরিচালক নায়েব আলী শরীফ

  • সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহউদ্দিন

  • সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

অভিযোগের বিবরণ

অভিযোগ অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলা করেন।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া চলতি বছরের ১০ মার্চ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত-৪ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিচারপ্রক্রিয়ায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

Recommended For You