
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নির্বাচন চূড়ান্ত করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়। খুব শিগগিরই পর্যায়ক্রমে তাদের পদায়নের প্রজ্ঞাপন জারি হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। লটারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।
সূত্র জানায়, এসপি নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে যেসব কর্মকর্তা অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে পুলিশ ক্যাডারের ২৫, ২২ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই–বাছাই করে একটি ফিট-লিস্ট প্রস্তুত করা হয়। ওই তালিকায় থাকা কর্মকর্তাদের নামই লটারিতে অন্তর্ভুক্ত করা হয়। সেখান থেকেই চূড়ান্ত হয়েছে ৬৪ জন এসপি; তাদের ধাপে ধাপে বিভিন্ন জেলায় পাঠানো হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের আরও জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি–পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনায় যোগ্য কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে কমিটির হাতে দেওয়া হয় এবং জেলাভিত্তিক পদায়ন লটারির মাধ্যমে নির্ধারণের সিদ্ধান্ত হয়।
এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় নতুন নিয়োগ পাওয়া এসপি’দের যোগদানও স্থগিত রাখা হয়েছিল; তাদের ক্ষেত্রেও লটারির এই সিদ্ধান্ত কার্যকর হবে।
গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন পুলিশের নিয়োগ ও বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন চূড়ান্ত করা হয়েছে।


